শিরোনাম

এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে
মোবাইল ফোনে এসএসসি পরীক্ষার ফল দেখছেন শিক্ষার্থীরা

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে মার্কশিটসহ ফলাফল দেখতে পারবে। এজন্য যেকোনো ব্রাউজার থেকে educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil বা সমমান নির্বাচন করে Year অপশনে 2026 দিতে হবে। নিজ নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

ফল প্রকাশের পর প্রথম দিকে ওয়েবসাইটে অতিরিক্ত চাপ থাকতে পারে। ফলে সার্ভারে প্রবেশ করতে সমস্যা হলে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চেষ্টা করতে হবে।

ইন্টারনেট ছাড়াও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে– SSC, বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং 2026। এরপর মেসেজটি পাঠাতে হবে 16140 নম্বরে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল 123456 হলে লিখতে হবে: SSC DHA 123456 2026।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে লিখতে হবে Dakhil MAD রোল নম্বর 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে SSC TEC রোল নম্বর 2026 এবং পাঠাতে হবে একই নম্বরে।

প্রিরেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবেও মোবাইল ফোনে ফলের এসএমএস পৌঁছে যাবে।

এ ছাড়া কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফল জানতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। সেখান থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলাফল ও উত্তীর্ণদের তালিকা ডাউনলোড করা যাবে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সংবাদমাধ্যমের কার্যালয়ে সরাসরি ফল সরবরাহ করা হবে না। প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইডি ব্যবহার করে ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।

/এফসি/