শিরোনাম

এসএসসির ফলাফলে কোন বোর্ডে পাসের হার কত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এসএসসির ফলাফলে কোন বোর্ডে পাসের হার কত
প্রতীকী ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে ঢাকা শিক্ষা বোর্ড। যেখানে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর পাশের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার মাত্র ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৮ দশমিক ৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ৫৭ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া, মাদ্রাসা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

এদিকে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফলে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৯ শতাংশ এবং ছাত্রীদের ৮০ দশমিক ৯০ শতাংশ। আর মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ এবং ছাত্রীদের ৫৪ দশমিক ৩৮ শতাংশ। এছাড়া, ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ এবং ছাত্রীদের ৬৯ দশমিক ৯২ শতাংশ।

ফলাফলের তুলনামূলক তথ্যে দেখা যায়, গত ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৪ হাজার ৬০১ জন।

শুধু তাই নয়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। ২০২৫ সালে যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

/এফআর/