শিরোনাম

কর্মচারী এখন সহকারী উপজেলা শিক্ষা অফিসার!

বিশেষ প্রতিনিধি
কর্মচারী এখন সহকারী উপজেলা শিক্ষা অফিসার!
শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

কর্মচারী থেকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাচ্ছেন অনেকেই। কর্মচারী থেকে সহকারী শিক্ষা অফিসার পদোন্নতি পাওয়ায় শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৭ কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়ারা হলেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা অফিসের সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর মুনিরা আক্তার, একই অধিদপ্তরে কর্মরত সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর আছমা পারভীন, একই পদের অধিদপ্তরের ঢাকা অফিসের মো. আসাদুজ্জামান ও হাইদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর মুহাম্মদ আবুল কালাম, অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক অফিসের মোসাম্মৎ হেলেনা আক্তার এবং খুলনা অঞ্চলের নাজমা আক্তার।

সরকারি মাধ্যমিক স্কুলের একাধিক সহকারী শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অফিস সহকারি হিসেবে যোগদান করে তারা পদোন্নতি পেয়ে তারা সাঁট লিপিকার কাম কম্পিটার অপারেটর পদে পদোন্নতি পান। এখন সাাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর থেকে সরাসরি সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি পান। এতে অনেক শিক্ষকের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দেশের বিভিন্ন সরকারি ও এমপিওভুক্ত স্কুলে উচ্চ শিক্ষিত ও ননক্যাডার অনেক শিক্ষক চাকরি করছেন। পদোন্নতিপ্রাপ্ত এসব সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা সরাসরি এসব উচ্চ শিক্ষিত শিক্ষদের বস হিসেবে অনেকেই তা মেনে নিতে পারছেন না। অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন।

তারা বলছেন, সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। যাতে এসব কর্মচারীদের সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদোন্নতি দেওয়া না হয়।

/টিই/