শিরোনাম

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা, কুমিল্লা মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা, কুমিল্লা মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি
ভারী বর্ষণে কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়

জলাবদ্ধতাসহ নানা অব্যবস্থাপনার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একসঙ্গে ৭ শিক্ষকের বদলির ঘটনায় জেলার শিক্ষাঙ্গনে তোলপাড় শুরু হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে, কলেজের উপাধ্যক্ষ একেএম জহিরুল আলমকে চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে, গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেককে কক্সবাজার সরকারি কলেজে, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়াকে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদারকে লক্ষীপুর সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আল-আমিনকে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীনকে বরগুনা সরকারি কলেজে বদলি করা হয়েছে। এসব শিক্ষকদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ সূত্র জানিয়েছে, উপাধ্যক্ষ একেএম জহিরুল আলম সরাসরি পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন না। এছাড়া গণিত বিভাগের অধ্যাপক মো. আবদুল মালেক জ্যেষ্ঠ শিক্ষকদের অনীহার কারণে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছিলেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন শিক্ষক পরিষদের সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুলাই কুমিল্লায় ভারী বর্ষণে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার মধ্যে পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে। পরবর্তীতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নৌকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন। নৌকায় চড়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এই ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

/এসআর/