বিজয় দিবস ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিজয় দিবস ঘিরে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বোর্ড

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে দেশের সব মাদরাসাকে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। পতাকা উত্তোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ, বিজয়মেলা আর খেলাধুলার মতো নানা কর্মসূচির কথা বলা হয়েছে এ নির্দেশনায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাদরাসা শিক্ষা বোর্ড এ নির্দেশনা দিয়েছে। এতে দেশের সব মাদরাসার প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা মেনে প্রতিটি মাদরাসায় জাতীয় পতাকা তুলতে হবে। সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীত গাওয়া, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শিক্ষার্থীদের অংশ নেওয়া নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে জেলা ও উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের যুক্ত করার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন খেলার আসর বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব খেলার তালিকায় আছে প্রীতি ফুটবল ম্যাচ, ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু।

বিজয় দিবস উপলক্ষে প্রতিটি মাদরাসায় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করার কথাও বলা হয়েছে নির্দেশনায়। পাশাপাশি জীবিত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং দেশের শান্তি ও অগ্রগতির জন্য দোয়া করতে হবে।

এছাড়া, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য আলাদা আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে দেশের সব মাদরাসাকে যথাযথভাবে দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এমএকে/