শিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন

বরিশাল সংবাদদাতা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কমপ্লিট শাটডাউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে ‘কমপ্লিট একাডেমিক শাটডাউন’ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। আগের দিন গত সোমবার সন্ধ্যায় এক সভায় ৬০ জন শিক্ষকের পদোন্নতি আটকে থাকার প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন ১০২ জন শিক্ষক।

শাটডাউন কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। শিক্ষকেরা ক্যাম্পাসে উপস্থিত থাকলেও পাঠদানসহ সব একাডেমিক কাজ থেকে বিরত আছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, নানা সংকট ও সেশনজটের কারণে তারা আগে থেকেই হতাশায় ভুগছেন। এ অবস্থায় তারা শিক্ষাজীবন আরও দীর্ঘায়িত হোক, তা চান না। শিক্ষকদের দাবির প্রতি প্রশাসনের সহানুভূতিশীল হওয়া উচিত।

শিক্ষকদের ভাষ্য, এত দিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা, ডিগ্রি প্রদান এবং পদোন্নতিসংক্রান্ত কার্যক্রম একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছিল। তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি নির্দেশনা নতুন জটিলতা সৃষ্টি করেছে।

ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইনের আওতায় চাকরি, পেনশন, পদোন্নতি ও সংশ্লিষ্ট বিধিবিধান সংশোধন করে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। এরপর অনুমোদিত সংবিধির ভিত্তিতেই পদোন্নতি কার্যকর করতে হবে।

শিক্ষকদের দাবি, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর গত বছরের অক্টোবরের শেষে পদোন্নতি বোর্ড গঠন করেন। এরপর দুটি সিন্ডিকেট সভা হলেও বোর্ড অনুমোদনের প্রস্তাব তোলা হয়নি। সর্বশেষ সিন্ডিকেট সভা হয় ৩১ মার্চ।

উপাচার্য মো. তৌফিক আলম বলেন, শিক্ষকরা ২০১৫ সালের বিশ্ববিদ্যালয় আইনের অধীন পদোন্নতি চাইছেন, কিন্তু এতে ইউজিসির আপত্তি আছে। ফলে পুরোনো নিয়মে পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। দেশের ৫০টি বিশ্ববিদ্যালয় অভিন্ন নীতিমালা গ্রহণ করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয় এখনো তা করেনি। তিনি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বন্ধ না রেখে আলোচনার মাধ্যমে নতুন সংবিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

/এসআর/