শিরোনাম

১৬ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ

নিজস্ব প্রতিবেদক
১৬ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ
শিক্ষার্থীদের পদারণায় মুখর বিদ্যালয় প্রাঙ্গণ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ ও সাপ্তাহিক ছুটি শেষে রবিবার (৭ জুন) দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় নিয়মিত পাঠদান শুরু হচ্ছে।

এরইমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানেরা শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পাঠদানের প্রস্তুতি সম্পন্ন করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

জানা গেছে, ছুটি শেষ হওয়ার আগেই শিক্ষকরা পাঠ পরিকল্পনা প্রস্তুত করেছেন। শিক্ষার্থীদের পাঠ্যসূচির ধারাবাহিকতা বজায় রাখতে এবং নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব শিক্ষার্থী আগামী বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য বিশেষ ক্লাস ও পুনরাবৃত্তিমূলক পাঠের ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) থাকায় প্রতিষ্ঠানগুলো আজ থেকে রবিবার থেকে পুনরায় খুলছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের অবকাশ ভোগ করেছে। ২১ মে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন থেকে শুরু হওয়া সাপ্তাহিক ছুটির কারণে কার্যত ২২ মে থেকেই শিক্ষার্থীদের মাঝে ছুটির আমেজ শুরু হয়।

তবে দেশের মাদ্রাসাগুলোয় ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রবিবার থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করছেন।

/এফসি/