শিরোনাম

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকালের শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর মধ্য দিয়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র, ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া, আগামী ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে এ সময় দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অব্যাহত ছিল।

/এফআর/