পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থী বহিষ্কার, দুইজনকে জরিমানা

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থী বহিষ্কার, দুইজনকে জরিমানা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের কয়েকজন নবীন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে ।

গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব ড. কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, গত ২১ জুলাই ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের সময় মুশফিকুর রহমান তুহিন নামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। ৭৭তম রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে মোট ৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. নাজমুস সাকিবকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের জাহিদ হোসেন সরকার, মিসকাত জাহান মুসফিক, ইউনুস হোসেন হিরাত, সাইদুর রহমান সিফাত ও সানোয়ার হোসেন তানিম এবং পদার্থবিজ্ঞান বিভাগের ইসতিয়াক আহমেদ ইফতিকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া র‌্যাগিংয়ের ঘটনায় ফার্মেসি বিভাগের তামান্না তাজমিম তন্নীকে ১০ হাজার টাকা এবং সোহানুর রহমান সিফাতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ দেখেছেন। তবে তাঁর কাছে তখন পর্যন্ত (বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা) শিক্ষার্থীদের বহিষ্কার ও জরিমানা করা বিষয়ক কোনো আনুষ্ঠানিক কাগজপত্র পৌঁছায়নি।

/বিবি/