শিরোনাম

একাদশে ভর্তিতে নতুন নিয়ম: এক ধাপে আবেদন, বন্ধ হচ্ছে মাইগ্রেশন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
একাদশে ভর্তিতে নতুন নিয়ম: এক ধাপে আবেদন, বন্ধ হচ্ছে মাইগ্রেশন
ছবি: সংগৃহীত

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং শিক্ষাবর্ষের সেশনজট দূর করতে তিন ধাপের অনলাইন আবেদনের বদলে এবার মাত্র এক ধাপেই নেওয়া হবে আবেদন। একইসঙ্গে বন্ধ করে দেওয়া হচ্ছে কলেজ পরিবর্তনের সুযোগ বা ‘মাইগ্রেশন’।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড এবং বুয়েটের কারিগরি বিশেষজ্ঞদের এক যৌথ সভায় এসব নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষা ক্যালেন্ডারের সময়সীমা বজায় রাখতে নভেম্বরের পরিবর্তে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই নতুন ক্লাসের পাঠদান শুরুর প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

একাদশে আবেদন ও ভর্তির নতুন নিয়ম

বিগত বছরগুলোতে উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দক্রম অনুযায়ী তিন দফায় আবেদন ও মাইগ্রেশনের সুযোগ পেলেও এবার সেটি থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী—

একক আবেদন: শিক্ষার্থীরা অনলাইনে পছন্দের কলেজ বাছাইয়ের সুযোগ পাবে কেবল একবারই।

মাইগ্রেশন বাতিল: পছন্দক্রম অনুযায়ী একবার কলেজ বরাদ্দ হলে তা আর পরিবর্তনের বা মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।

বিশেষ ক্ষেত্রে ছাড়: যারা পুনর্নিরীক্ষণে (খাতা চ্যালেঞ্জ) ফল পরিবর্তন করবে, কোনো কারণে নিশ্চায়ন করতে ব্যর্থ হবে কিংবা প্রথম বরাদ্দে কোনো কলেজ পাবে না—কেবল তারাই পরবর্তী সময়ে পুনরায় আবেদনের বিশেষ সুযোগ পাবে।

একাদশে ক্লাস শুরু হবে কবে

চলতি বছর এসএসসির ফল প্রকাশে বিলম্ব হলেও ক্লাস শুরুর সময়সীমা এগিয়ে আনতে চায় সরকার। প্রাথমিক প্রস্তাবে নভেম্বরে ভর্তি ও ক্লাস শুরুর কথা বলা হলেও মন্ত্রণালয় তাতে সায় দেয়নি।

পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একাদশের পাঠদান আনুষ্ঠানিকভাবে শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে পুনর্নিরীক্ষণে যাদের কলেজ পরিবর্তন হবে, তারা সর্বোচ্চ ১ অক্টোবরের মধ্যে নতুন ক্লাসে যোগ দেওয়ার সুযোগ পাবে।

/এবি/