শিরোনাম

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের
ভোজ্যতেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

দেশের নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যেই আবারও ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ দিচ্ছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

জানা গেছে, সম্প্রতি লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল অ্যাসোসিয়েশন। চিঠিতে গত ১১ জুলাই থেকে বর্ধিত দাম কার্যকরের দাবিও জানানো হয়েছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক হয়। তবে বৈঠকে দাম বাড়ানোর অনুমতি মেলেনি। পরবর্তীতে আরেকটি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

এর আগে, সবশেষ গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি চার টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। ফলে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল দাম নির্ধারণ করা হয় ১৯৯ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি নির্ধারণ করা হয় ১৮০ টাকা। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন প্রস্তাব অনুযায়ী, সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা বৃদ্ধির পাশাপাশি পাম তেলের দাম লিটারে ১৭ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা।

/এফআর/