সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (বামে)

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সোমবার (১০ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে কোরিয়ান বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। বিশেষ করে আমদানি ও ব্যবসা পরিচালনায় বিদ্যমান জটিলতা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজনের কথা জানান তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে প্রায় ২০০টি কোরিয়ান প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নানা পরিচালনাগত সমস্যার মধ্যে রয়েছে আমদানি অনুমতি পেতে দীর্ঘসূত্রতা, কাস্টমস নীতিমালার জটিলতা এবং গবেষণার কাজে প্রয়োজনীয় সামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক বাধা। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এসব সমস্যার প্রভাব পড়ছে।

এসব সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যাগুলো দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় ও কোরিয়ান বিনিয়োগকারীদের অংশগ্রহণে শিগগিরই সমন্বয় সভা হবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া ও বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশের কাছে তাদের অবস্থান তুলে ধরেছে। এ সময় চুক্তির বাকি কাজ শেষ করা এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগের প্রস্তাবও দেন বাণিজ্যমন্ত্রী। এ খাতে স্থানীয় প্রকৌশলী ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে একটি বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী জাহাজ নির্মাণে বাংলাদেশের সক্ষমতা বাড়ানো সম্ভব।

প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে আলোচনা করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ জানান তিনি।

বৈঠকে কোরিয়ান বিনিয়োগকারীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং আইপি-সংক্রান্ত কার্যক্রম পুরোপুরি অনলাইন ও তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার উদ্যোগ নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ ছাড়া দুইঅ দেশের মধ্যে এলএনজি সরবরাহের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/