বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন করবেন যেভাবে
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় যোগ্য ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে এই আর্থিক সহায়তা পেতে হলে কেবল আগ্রহ প্রকাশ করলেই চলবে না; এজন্য একটি আকর্ষণীয় ব্যবসায়িক পরিকল্পনা (বিজনেস প্ল্যান), প্রকল্পের লাভজনকতা এবং কর্মসংস্থান সৃষ্টির সুনির্দিষ্ট সম্ভাবনা প্রমাণ করে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

ঋণ পেতে আবেদন করবেন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের ঋণের জন্য আবেদন করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এজন্য প্রথমে দেশের যেকোনো তফসিলি ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে এবং নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপার ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে ঋণের আবেদনপ্রক্রিয়া, সুদের হার ও অন্যান্য শর্ত ভালোভাবে বুঝে নিতে হবে। ব্যাংক কিংবা বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করা যাবে।

সর্বশেষ যথাযথভাবে ফরম পূরণের পর এর সঙ্গে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র যুক্ত করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় সাধারণত যে সমস্ত কাগজপত্র জমা দিতে হয়, সেগুলো হলো—

  1. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি
  2. হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি (যদি থাকে)
  3. শিক্ষাগত যোগ্যতার সনদ ও এর সত্যায়িত অনুলিপি
  4. একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান এবং
  5. সংশ্লিষ্ট ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য সহায়ক কাগজপত্র।

বিজনেস প্ল্যানে যা থাকতে হবে

ঋণ অনুমোদন পাওয়ার ক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য পরিকল্পনাটিতে যেসব বিষয় স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে হবে—

  1. কোন ধরনের ব্যবসা করতে চান এবং তার প্রাথমিক বিনিয়োগ কত
  2. পণ্য বা সেবার বর্তমান বাজার চাহিদা কেমন এবং এর বিপণন কৌশল কী হবে
  3. ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা এবং ঋণের অর্থ পরিশোধের বাস্তবসম্মত আর্থিক হিসাব এবং
  4. প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কতজনের কর্মসংস্থান তৈরি হবে এবং তা জাতীয় অর্থনীতিতে কীভাবে অবদান রাখবে

প্রসঙ্গত, আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে একটি আলাদা ফাইলে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করা যাবে।

ঋণ পেতে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন

ঋণ পেতে ব্যবসায়িক পরিকল্পনা যেন বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক হয়, সেদিকে নজর রাখতে হবে। শুধু ঋণের নির্দিষ্ট অঙ্কের পরিমাণ উল্লেখ করলেই হবে না; এজন্য অর্থের সুনির্দিষ্ট ব্যবহার এবং ব্যবসা থেকে আয় করে কীভাবে তা পরিশোধ করবেন তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে।

সবশেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

/জেএইচ/