শিরোনাম

নতুন পে-স্কেলে পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন পে-স্কেলে পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ
প্রতীকী ছবি

নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মূলত দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া প্রবীণ কর্মচারীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এমন উদ্যোগ।

অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধাপভিত্তিক এটি কার্যকর হবে। এর ফলে যারা এতদিন খুব অল্প টাকা পেনশন পেতেন, তারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

নতুন হিসাব অনুযায়ী, যেসব অবসরভোগী এতদিন মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পেতেন, তাদের পেনশনের পরিমাণ ১০০ শতাংশ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। অন্যদিকে ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনধারীদের ভাতা বাড়বে ৭৫ শতাংশ। একইভাবে ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত যাদের পেনশন ছিল তাদের ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধি পাবে। আর ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার চেয়ে বেশি পেনশন পাওয়া অবসরভোগীদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ বা ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ (ওআরওপি) পদ্ধতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে এবং এতে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থের প্রয়োজন। তাই সরকার ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ওআরওপি চালুর সিদ্ধান্ত নিয়েছে। আর চূড়ান্তভাবে সেই পদ্ধতি চালু না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এই বিশেষ পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এমএকে/