শিরোনাম

চতুর্থ দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে পুলিশের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক
চতুর্থ দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে পুলিশের সতর্ক অবস্থান
ইসলামী ব্যাংকের সামনে সতর্ক অবস্থানে পুলিশ। ছবি: জাকির হোসেন

টানা চতুর্থ দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে সতর্ক অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

সরেজমিনে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টার দিকে মতিঝিল দিলকুশ বাণিজ্যিক এলাকায় ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান নিতে দেখা গেছে।

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে অপসারণের দাবিতে গত সোমবার (১ জুন) ব্যাংকটির সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে।

এরপর গত ২ ও ৩ জুন ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন গ্রাহকরা। আস্থা ফেরাতে তারা চেয়ারম্যান খুরশীদ আলমকে অপসারণসহ ৭ দফা দাবি জানান।

৭ দফা দাবির মধ্যে রয়েছে–

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের বোর্ডে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করা, এস আলমের দখলকৃত মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা, শুধু ইসলামী ব্যাংক নয়– এস আলম যেন কোনো ব্যাংকেই ফিরতে না পারেন সেই ব্যবস্থা করা এবং ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

/জেএইচ/