শিরোনাম

বেসরকারি খাতে তেল আমদানিতে আপত্তি নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বেসরকারি খাতে তেল আমদানিতে আপত্তি নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি
ছবি: সিজেডএন গ্রাফিক্স

বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে যাচ্ছে সরকার-গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে গণমাধ্যমে প্রচারিত এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গত শনিবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবর ‘কাল্পনিক ও অসত্য’। এমন পরিস্থিতির মধ্যে বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। তবে এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন তিন তেল বিপণন প্রতিষ্ঠানকে পৃথকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় তিনি বলেন, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সবার আগে রাষ্ট্রীয় তিন তেল বিপণন কোম্পানিকে নিজস্ব ব্যবস্থাপনায় আমদানির সুযোগ দিতে হবে। কারণ, এসব প্রতিষ্ঠানের তেল আমদানি, সংরক্ষণ ও বিপণনের জন্য প্রয়োজনীয় বৃহৎ অবকাঠামো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

‘পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিই বেসরকারি খাতে তেল আমদানি ও বিপণন কার্যক্রমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। ফলে কোনো গোষ্ঠী বা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ কিংবা ভোক্তাদের জিম্মি করার সুযোগ থাকবে না, যোগ করেন তিনি।

প্রয়োজনে সরকারকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন সাজ্জাদুল করিম। বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক কারণে জ্বালানি তেল আমদানি কঠিন হয়ে পড়লে দেশের পেট্রোল পাম্প মালিকরা তাদের ব্যবসায়িক স্বার্থে রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোকে অগ্রিম অর্থ সহায়তা দিতে প্রস্তুত। দেশি-বিদেশি অনেক ব্যাংকও এসব কোম্পানির তেল আমদানিতে প্রয়োজনীয় অর্থায়নে আগ্রহী বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় ও বেসরকারি- উভয় খাতের অংশগ্রহণে তেল আমদানি কার্যক্রম পরিচালিত হলে বাজারে সরবরাহের ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করেন সাজ্জাদুল করিম। তিনি বলেন, এর ফলে আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকবে না। পাশাপাশি দেশের জ্বালানি খাতে একটি ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ তৈরি হবে।

/জেএইচ/