শিরোনাম

সাবরাংয়ে হবে জেটি, পর্যটকরা যেতে পারবেন সেন্ট মার্টিন

নিজস্ব প্রতিবেদক
সাবরাংয়ে হবে জেটি, পর্যটকরা যেতে পারবেন সেন্ট মার্টিন
জেটি নির্মাণে বিআইডব্লিউটিএ ও বেজা চুক্তি স্বাক্ষর করে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অবস্থিত সাবরাং ট্যুরিজম পার্কে একটি জেটি নির্মাণ করা হবে। এর মাধ্যমে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করতে পারবেন। এছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) আরেকটি জেটি তৈরি হবে, যা এনএসইজেড-এর বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জেটি দুটি নির্মাণ করবে। আনুষঙ্গিক স্থাপনা তৈরি ও পরিচালনার কাজও তারাই করবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর সঙ্গে এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করে বিআইডব্লিউটিএ।

বেজার পক্ষে সংস্থার নির্বাহী বোর্ডের সচিব ও যুগ্ম সচিব জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএ'র পক্ষে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানায়, চুক্তি অনুসারে জেটি ও আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের জন্য এনএসইজেড-এ ৬ দশমিক ১৮ একর এবং সাবরাং ট্যুরিজম পার্কে ৫ একর জমি ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। এই জেটি থেকে প্রাপ্ত নিট মুনাফা বেজা ও বিআইডব্লিউটিএ ৪৫:৫৫ অনুপাতে ভাগ করে নেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী সদস্য মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম।

/টিই/