শিরোনাম

বৈদ্যুতিক গাড়ি কেনায় ব্যাংক ঋণ সুবিধা বাড়লো

জ্যেষ্ঠ প্রতিবেদক
বৈদ্যুতিক গাড়ি কেনায় ব্যাংক ঋণ সুবিধা বাড়লো
ছবি : সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি কিনতে ব্যাংক ঋণ সুবিধা আরও ২০ লাখ টাকা বাড়িয়ে সর্বোচ্চ ৮০ লাখ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে সাধারণ যানবাহন কেনায় এ ঋণ সীমা সর্বোচ্চ ৬০ লাখ টাকা। ঋণ সীমা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ অনুপাত সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলোর বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত হবে ৮০:২০ শতাংশ। অর্থাৎ মোট বিনিয়োগের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে দিতে হবে ঋণ গ্রহীতাকে। সাধারণভাবে এ অনুপাত ৬০:৪০ শতাংশ।

ঋণ সুবিধা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পরিবেশবান্ধব ও জ্বালানী সাশ্রয়ী হওয়ায় দেশে দিন দিন গ্রাহক চাহিদা বাড়ছে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির। জ্বালানী তেল ও গ্যাস চালিত যানবাহনের বর্তমান বাজার দর বিবেচনায় বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহ দিতে এমন সুবিধা দেওয়া হলো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি খরচ বেড়ে যাওয়ায় তেল ও গ্যাসের বিকল্প হিসেবে বৈদ্যুতিক বাস ব্যবহার একদিকে জ্বালনি ঝুঁকি কমাবে, অন্যদিকে এটি পরিবেশবান্ধব। ফলে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করতে এই উদ্যোগ। জ্বালানি তেল ও গ্যাস চালিত যানবাহনের বর্তমান বাজার দর বিবেচনায় এটি সাশ্রয়ী হবে বলেও মত কেন্দ্রীয় ব্যাংকের।

জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) তথ্য অনুযায়ী, বর্তমানে বিদ্যুৎচালিত বাস, গাড়ি ও ট্রাক ইত্যাদি আমদানির ক্ষেত্রে ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৯৩ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎচালিত নতুন বাস ও ট্রাক আমদানিতে মোট করভার ১৫ শতাংশ রেখে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।

মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট নতুন বিদ্যুতচালিত বাস আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হবে। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা থাকবে। একইসঙ্গে ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও একই সুবিধা দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ৩০ এপ্রিল দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেয় সরকার। এতদিন এসব বাস আমদানিতে ৬১ দশমিক ৮ শতাংশ বিভিন্ন ধরনের শুল্ক-কর ছিল।

/এসবি/