শিরোনাম

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’
বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ক্যাম্পেইনে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য কিনছেন ক্রেতারা।

দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন সম্প্রসারণে আগামী ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ ব্যবহারে বাধ্যতামূলক ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, Bangla QR (বাংলা কিউআর) এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়বে, কমবে নগদ অর্থের ব্যবহার এবং ক্যাশলেস অর্থনীতি গঠনের পথ আরও সুগম হবে।

এদিন বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে দিনব্যাপী এক বিশেষ মেলার আয়োজন করা হয়। বিশেষ এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর কবির আহমেদ।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বলেন, ‘নগদ লেনদেনের বিকল্প হিসেবে বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় গ্রাহকরা খুচরা টাকার ঝামেলা ছাড়াই নির্ধারিত মূল্য পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হওয়া প্রতিটি লেনদেনের তথ্য সংরক্ষিত থাকবে। ফলে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কমবে এবং অর্থনীতির প্রকৃত আকার আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে। এতে জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।’

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’ ২
বেলুন উড়িয়ে ‘বাংলা কিউআর’ মেলার উদ্বোধন করা হয়।

এ সময় ব্যাংক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি নিজস্ব অ্যাপসে বাংলা কিউআর সুবিধা সংযোজনের আহ্বান জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, ‘এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আসতে পারবেন।’

বাংলাদেশ ব্যাংক জানায়, ‘বাংলা কিউআর লেনদেন বিষয়ক ক্যাম্পেইন’ শিরোনামের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো প্রাত্যহিক জীবনের আর্থিক লেনদেনে ক্যাশলেস ব্যবস্থার কার্যকারিতা সরাসরি প্রদর্শন করা।

বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পেইনে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি এফএমসিজি এবং খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ব্যাংক প্রাঙ্গণে এসব প্রতিষ্ঠানের অস্থায়ী বিপণন কেন্দ্র বা স্টল স্থাপন করা হয়েছে, যেখানে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি বাংলা কিউআর কোড স্ক্যান করে কেনাকাটা ও বিল পরিশোধের অভিজ্ঞতা অর্জন করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের ঢাকা কেন্দ্রের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এই ক্যাম্পেইনে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল উপায়ে ‘বাংলা কিউআর’ ব্যবহার করে লেনদেন সম্পন্ন করবেন। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম সম্পর্কে মাঠপর্যায়ের ব্যবহারিক অভিজ্ঞতা এবং এর সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

/এফআর/