শিরোনাম

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভকারীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ। ছবি: জাকির হোসেন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে রাজধানী মতিঝিল দিলকুশা বাণিজ্যিক এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আজ প্রথম অফিস করার কথা ছিল খুরশীদ আলমের। তবে তাকে কার্যালয়ে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভের ডাক দেন সচেতন গ্রাহকরা।

সরেজমিনে দেখা গেছে, আজ সকাল সাড়ে ৮টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এ সময় ব্যাংকটির সামনে কয়েক ডজন পুলিশ মোতায়েন করা হয়।

সকাল ৯টার দিকে ব্যাংকটির সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে হঠাৎ করেই পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে। পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে অগ্রণী ব্যাংকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে পুলিশের হামলার নিন্দা জানান তারা। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে আজ ভার্চুয়ালি বোর্ড মিটিংয়ে অংশ নেবেন খুরশীদ আলম। তিনি নিজেই সিটিজেন জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোর্ড মিটিংয়ে ভার্চুয়ালি জয়েন করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করলে আজ ১২টায় মিটিংয়ের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান মো. খুরশীদ আলম। ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৭ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ‘মব জাস্টিস’-এর মুখে পড়ে তিনি পদত্যাগে বাধ্য হন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হিসেবে কাজ করার সময় তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। কয়েক বছর আগে এসব অভিযোগের নিয়ে প্রকাশিত সংবাদের সূত্র ধরে খুরশীদ আলমের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকই।

এরই অংশ হিসেবে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ করেন সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা।

/জেএইচ/