ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে: আমিনুল হক

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে: আমিনুল হক
মো. আমিনুল হক

সারা দেশে ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‎তাদের রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) কুমিল্লার লাকসামে পাশাপুরে আবুল কালাম হাই স্কুল ও কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকাসহ বাংলাদেশের অনেক জায়গায় ফ্যাসিস্টদের উৎপাত বেড়ে গেছে। এটা দৃঢ় হাতে বন্ধ করতে হবে। এ লক্ষ্যে সরকারি দল, বিরোধী দল এবং তরুণ ও আগামী প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশে দ্বিতীয়বার কোন ফ্যাসিস্টের উৎপত্তি দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে তারা আর ফিরে যেতে চান না। দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা রুখতে সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্টরা কখনো আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

‎যুব ও যুব-নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক জানান, যুব উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে ফ্রিল্যান্সিং, এআই প্রযুক্তি, কেয়ার গিভিং এবং মোবাইল সার্ভিসিংয়ের মতো প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকারদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় যাদের গরুর ও হাঁস-মুরগির খামার রয়েছে তাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উৎসাহিত করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগে যেখানে বায়োগ্যাস নির্মাণে ১ লাখ থেকে ৫ লাখ টাকা ঋণ দেওয়া হতো, তা বাড়িয়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বড় খামার থাকলে নিজস্ব চাহিদা মিটিয়ে আশপাশের পরিবারগুলোতেও বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব। এ বিষয়ে উপজেলা, ইউনিয়ন ও পাড়া-মহল্লায় ছোট ছোট সভা করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও বাস্তবায়নে কাজ করতে যুব উন্নয়ন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

‎অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/জেএইচ/