৩০ টাকা কেজিতে আজ থেকে চাল বিক্রি শুরু, পাবেন যারা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৩০ টাকা কেজিতে আজ থেকে চাল বিক্রি শুরু, পাবেন যারা
চাল বিক্রি ও পোশাক শ্রমিক। প্রতীকী ছবি

খাদ্য ব্যয় কমানো এবং পোশাক শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ করে দিতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করছে সরকার। এর আওতায় একজন শ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ চাল বিক্রি শুরু হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে।

সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকাল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকায় ট্রাকে করে চাল বিক্রি করা হবে। প্রাথমিকভাবে এই বিশেষ কার্যক্রম একটানা তিন মাস চলবে।

এ কর্মসূচির আওতায় চাল কিনতে শর্ত রয়েছে। শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে শ্রমিকদের স্বাক্ষর নেওয়ার মাধ্যমে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার মোট ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএস চাল বিক্রি করা হবে। প্রতি ট্রাকে ৫ টন করে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মাঝে সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ ও পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।

/জেএইচ/