৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন ঘিরে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আরও ১০টি কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পোশাক কারখানা মালিক পক্ষ সূত্র জানিয়েছে, শ্রম আইন-২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ এসব কারখানায় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর থাকবে । অর্থাৎ, কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

তবে এদিন সকালেও চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় আবারও অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে,শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

/এফআর/