অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত: ড. নাজনীন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
অস্থিতিশীলতা চললে কঠিন চ্যালেঞ্জে পড়বে পোশাক খাত: ড. নাজনীন
এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ ও বিজয়ী বিইউবিটির বিতার্কিকরা

শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীলতা অব্যাহত থাকলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের তৈরি পোশাক খাত। এতে বিদেশি ক্রেতাদের আস্থা কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মজুরি বৃদ্ধির চেয়ে নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পোশাক খাতের স্থিতিশীলতার জন্য বেশি জরুরি’ শীর্ষক এ ছায়া সংসদে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ড. নাজনীন আহমেদ বলেন, শুধু মজুরি বাড়িয়ে পোশাকশ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। ন্যায্য মজুরির পাশাপাশি কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও ভালো আচরণ নিশ্চিত করতে হবে। মালিক, শ্রমিক ও সরকার আলোচনার মাধ্যমে বেতনকাঠামো নির্ধারণ করলে ভালো ফল পাওয়া সম্ভব। আগে মজুরি বোর্ড গঠন করা হলে বর্তমান অস্থিতিশীলতা হয়তো এড়ানো যেত।

মজুরি নির্ধারণের ক্ষেত্রে দ্রব্যমূল্য, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মালিকপক্ষের সক্ষমতা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।

বিদেশি ক্রেতাদের আস্থার বিষয়ে তিনি বলেন, যেকোনো ধরনের অস্থিরতা বায়ারদের আস্থা কমিয়ে দেয়। শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো নেওয়া অর্ডার সময়মতো সরবরাহ করতে না পারলে ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের অবনতি হতে পারে। সহিংসতার মাধ্যমে ন্যায্য মজুরি বা ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। কোনো পক্ষের ইন্ধনে অস্থিতিশীলতা তৈরি হলে মালিক-শ্রমিক, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে তা মোকাবিলা করতে হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষ, সড়ক অবরোধ ও ভাঙচুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো পুরোপুরি স্থিতিশীলতা ফেরেনি। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি বাড়ছে। অস্থিতিশীলতা অব্যাহত থাকলে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, পোশাক খাতের স্থিতিশীলতার জন্য যৌক্তিক বেতনকাঠামোর পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা নিয়েছে, তা ইতিবাচক উদ্যোগ।

শ্রমিকদের চলমান আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শ্রমিকের ছদ্মবেশে কেউ নাশকতা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে কি না, তা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ ধরনের অপচেষ্টা হলে কঠোর হাতে দমন করা উচিত।

ছায়া সংসদে ঢাকা কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

/এমআর/