‘অবৈধ গুদামে’ শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘অবৈধ গুদামে’ শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা
গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চলছে

‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের ৪টি গুদাম সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, প্রতিষ্ঠানটির অনুমোদিত ও ঘোষিত ওয়্যারহাউসের সংখ্যা ছিল মাত্র ২টি। তবে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, তারা অনুমোদিত সীমার বাইরে গিয়ে মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত করেছিলো। মূলত অনুমোদিত পরিসরের বাইরে গিয়ে অতিরিক্ত অননুমোদিত ওয়্যারহাউসে আইনবহির্ভূতভাবে পণ্য সংরক্ষণ করা হচ্ছিলো।

আরও জানা গেছে, বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি/বন্ডেড) পণ্য যেন অননুমোদিত স্থান থেকে স্থানান্তর করা না যায় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা সম্ভব হয়- সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ৪টি ওয়্যারহাউসই সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত ও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী এ সংক্রান্ত তথ্যপ্রমাণ সাপেক্ষে তুলে ধরা হবে।

/এসবি/