শিরোনাম

শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে নতুন মামলায় হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে নতুন মামলায় হাজিরের নির্দেশ
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নতুন একটি মামলায় তিন সাংবাদিককে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন– শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। ২৪ আগস্ট এই তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করতে বলা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের পক্ষ থেকে এই তিনজনকে আদালতে হাজির করার আবেদন জানানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দেন। তার চীন সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও জানানো হয়, ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা কোটা ইস্যু নিয়ে মন্তব্য করেছিলেন এবং ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করেছিলেন। শিক্ষার্থীরা এই শব্দকে অবমাননাকর বলে বর্ণনা করেছিলেন। এসব মন্তব্যের জেরে ওই রাতেই বিক্ষোভ শুরু হয়।

প্রসিকিউশনের অভিযোগ, এই তিন সাংবাদিক ১৪ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি করেছিলেন।

সেই সময় মোজাম্মেল বাবু একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ছিলেন এবং ফারজানা রুপা ছিলেন চ্যানেলটির প্রধান প্রতিবেদক। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক।

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর এবং নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের অন্য একটি মামলায় মোজাম্মেল বাবু ও ফারজানা রুপার বিচার চলছে। আরেক মামলায় গ্রেপ্তার আছেন শ্যামল দত্ত।

/এফআর/