শিরোনাম

এসআই আলতাফ হত্যা: মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এসআই আলতাফ হত্যা: মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪
পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মুন্সিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

নিহত মো. আলতাফ হোসেন ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের জনতা হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বাসায় ফিরছিলেন আলতাফ। পথে তিনি একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় আলতাফ প্রতিবাদ করলে ওই যুবকরা তাকেও মারধর করেন। প্রাণ বাঁচাতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে একটি কারখানার ভেতরে ঢুকে পড়েন।

ওই যুবকরা আরও ১৫-২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায়। তারা কারখানায় ঢুকে মেশিন ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে এবং আলতাফ ও তার ছেলে মো. আরিফকে পিটিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফ চিকিৎসাধীন রয়েছে।

/এসবি/