মিরপুরের দুই স্থানে আবার বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

মিরপুরের দুই স্থানে আবার বাসে অগ্নিসংযোগ
রাজধানীর মিরপুরের শাহ আলী থানার চিড়িয়াখানা রোড এবং পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাজধানীর মিরপুরে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। তবে বাসের ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার শাহ আলী থানার চিড়িয়াখানা রোড এবং পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।

বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণ। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব সিট, গ্লাস ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও সিটের কাভার পুড়ে গেছে। এতে বিকল্প পরিবহণের আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, দুষ্কৃতিকারীরা জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য বাসে আগুন দিচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।