সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার
এমদাদুল হক দাদুল

রাজধানীর মগবাজার থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন।

বুধবার দিবাগত রাতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বুধবার রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে এমদাদুল হককে গ্রেপ্তার করেন ডিবি সদস্যরা।

এমদাদুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/