শিরোনাম

মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২
ইউসুফ আলী

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী নিহত এবং দুই ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে ই-ব্লকের ওপেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তিনি মিরপুর ১৩ নম্বর এলাকায় থাকতেন। তার বাবা মৃত শাহজাহান বেপারী। গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার সাকরালে।

আহতরা হলেন– নালাম সরদার ও মনির হোসেন। কাঁচামাল ব্যবসায়ী নালামের মাথার পেছনে গুলি লেগেছে। আর ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনিরের গুলি লেগেছে পায়ে।

গুলিবিদ্ধ হওয়ার পর তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ইউসুফের বন্ধু মো. মামুন সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১১টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে যুবদলকর্মী ইউসুফ, মনির ও তিনি মিরপুর ১৩ নম্বরে ওপেক্স গার্মেন্টসের সামনে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। ৪-৫ জন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন। ওই যুবকদের কাছে ঘোরাঘুরির কারণ জানতে চাওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা বাবুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ইউসুফের বুকে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার জানান, হামলায় মোট ৪ জন অংশ নিয়েছিল। হতাহতের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ চঞ্চল নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের আটক করতে অভিযান চলছে।

/এফসি/