শিরোনাম

মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ল্যাংড়া রুবেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)।

সোমবার (১০ আগস্ট) ঢাকার সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ রাকিব খান।

গ্রেপ্তার অন্য ৪ জন হলেন-বাপ্পা ওরফে শাকিল, হামিদুর ওরফে মাখন, পারভেজ ও রাব্বি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে ঢাকার বাইরে চলে যায়। পরে তারা বিভিন্ন রিসোর্টে অবস্থান করে ‘আমোদ-ফুর্তি’ করছিল বলে জানা গেছে।

ডিবির উপ-কমিশনার রাকিব খান বলেন বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ঘটনার সময় ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি ভক্সওয়াগন গাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার (৭ আগস্ট) বিকাল পৌনে ৬টার দিকে পল্লবীতে একটি প্রাইভেটকার থেকে নেমে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে (৪৫) লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আলমগীর ছাড়াও জোৎস্না নামে এক পথচারী নারী গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় ল্যাংড়া রুবেলকে প্রধান অভিযুক্ত করা হয়।

/এসবি/