শিরোনাম

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার

নিজস্ব  প্রতিবেদক
নিজস্ব  প্রতিবেদক
শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ গ্রেপ্তার
ছবি: সিটিজেন গ্রাফিক্স

রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদক চক্রের মূলহোতা ইসমাইল হোসেন ওরফে অটো সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, হেরোইন, মাদক তৈরির উপকরণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে যাত্রাবাড়ীর স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, গত ২ মার্চ মাদক উদ্ধার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযানে যায়। এ সময় একজন পরিদর্শককে পায়ে গুলি করে মাদক কারবারিরা পালিয়ে যায়। ওই ঘটনায় ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, মামলাটি তদন্তের সময় ওয়ারী থানা পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে। পরবর্তীতে গ্রেপ্তাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার ওপর হামলায় ব্যবহৃত অস্ত্রটি সরবরাহ করেছিল ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র-মাদকের গডফাদার সজল ওরফে অটো সজল। এরপর থেকেই অটো সজলকে গ্রেপ্তারের জন্য ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ ধারাবাহিক অভিযান শুরু করে।

নিয়াজ মেহেদী বলেন, সজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, ওয়ারী বিভাগের গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় তার একটি ভাড়া বাসায় বিপুল অস্ত্র ও মাদক মজুদ রয়েছে। এরপর যাত্রাবাড়ী থানা পুলিশ স্বামীবাগের ওই বাসায় অভিযান চালিয়ে অটো সজলের আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করে। সেখান থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

/এসবি/