রাষ্ট্রদ্রোহ মামলা: ৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
রাষ্ট্রদ্রোহ মামলা: ৪ দিনের রিমান্ডে এসপি জাহাংগীর
আদালত প্রাঙ্গণে কড়া পুলিশি প্রহরায় জাহাংগীর আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা অফিসার্স মেস থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের আগে এসপি জাহাংগীরের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে জাহাংগীর আলমের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও উঠেছে ।

এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী জাহাংগীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

/এফসি/