দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ
ইটভাটা। ছবি: সিটিজেন জার্নাল

সারা দেশে সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা।

অন্যদিকে ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে ইটভাটা মালিক সমিতির পক্ষে এই মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চান। তবে আদালত আগের রায় বহাল রাখলে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে ইটভাটা মালিকদের পক্ষ থেকে আদেশ সংশোধন করে জিগজ্যাগ ইটভাটাকে আদেশের বাইরে রাখার প্রার্থনা করা হয়। পরে শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের ডিভিশন বেঞ্চ ইটভাটা মালিকদের আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের আদেশ বহাল রাখেন।

ওই আদেশের পর বিভিন্ন ইটভাটার মালিকরা একাধিক আপিল দায়ের করে আদেশের ওপর স্থগিতাদেশের প্রার্থনা করে। তবে চেম্বার জজ কর্তৃক কোনো স্থগিতাদেশ (স্টে) পাননি। ওই আপিলগুলো পরবর্তীতে আপিল বিভাগে খারিজ হয়।

বর্তমানে বিভিন্ন অবৈধ ইটভাটার মালিকরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করার পাঁয়তারা করছে মর্মে সংবাদ পেয়ে এইচআরপিবির পক্ষে একটি আবেদন দাখিল করা হয়। এতে আদালতে অবৈধ ইটভাটা অপসারণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দাখিলের প্রার্থনা করা হয়।

আজ বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার আদালতে আবেদনের ওপর শুনানি হয়।

আদালত সব পক্ষের বক্তব্য শুনে এইচআরপিবির করা আবেদন মঞ্জুর করেন। সেইসঙ্গে বাংলাদেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতোপূর্বে আদালতের বিভিন্ন নির্দেশনা অনুসারে ব্যবস্থা গ্রহণ করে পরিবেশ অধিদপ্তর এবং সব বিভাগীয় কমিশনারকে পদক্ষেপ গ্রহণ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

/জেএইচ/