আইনজীবী রঞ্জুর ওপর হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আইনজীবী রঞ্জুর ওপর হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি
বাংলাদেশ বার কাউন্সিল লোগো

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর সন্ত্রাসী হামলা ও পৈশাচিক নির্যাতন চালিয়ে গুরুতরভাবে জখম করার ঘটনায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এই হামলার প্রতিবাদে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে বুধবার (১৮ নভেম্বর) দেশব্যাপী সব বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল (১৬ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে।

এরপর তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায়। লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়া হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, নির্যাতনের সময় তিনি বারবার নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দেওয়া সত্ত্বেও হামলাকারীরা তাঁর ওপর নির্যাতন অব্যাহত রাখে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, আহত আইনজীবীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘোষিত প্রতিবাদ কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সর্বস্তরের জনশক্তি এবং দেশের সকল বারের সাধারণ আইনজীবী ভাই ও বোনদের প্রতি আহ্বান জানান।

/টিই/