শিরোনাম

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত সংবাদদাতা
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি: সংগৃহীত

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর নিষেধাজ্ঞার এ আদেশ দেওয়া হয়েছে।

শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, সাবেক এই সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন– দুদকের কাছে এমন তথ্য রয়েছে। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তার দেশত্যাগ সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।

উল্লেখ্য, গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই সময় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আক্রান্ত হন।

এ ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারে পর সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

/এফসি/