শিরোনাম

গুমের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতারকৃত ১০ সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
গুমের মামলায় ট্রাইব্যুনালে গ্রেফতারকৃত ১০ সেনা কর্মকর্তা
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত ১০ সাবেক সেনা কর্মকর্তাকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ছবি: সিটিজেন জার্নাল

আওয়ামী লীগ সরকারের আমলে টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত ১০ সাবেক সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সোমবার (৪ মে) সকাল ১০টায় বাংলাদেশ জেলের একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী, আসামিদের বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট বা হাতকড়া পরিয়ে হাজির করার কথা থাকলেও এই ১০ কর্মকর্তার ক্ষেত্রে তেমনটি করা হয়নি। সাধারণ পোশাকেই তারা আদালত কক্ষে হাজির হন।

১০ সেনা কর্মকর্তা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তাক সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব আলম, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল কে.এম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তবে শেখ হাসিনাসহ বাকি ৭ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, সাবেক র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, মো. হারুন অর রশিদ, লে. কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম।

তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, বিগত সরকারের দীর্ঘ শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে ভিন্নমতাবলম্বীদের ওপর অমানবিক নির্যাতন ও গুমের ঘটনায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

/এমআর/