হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী কারাগারে
আদালত প্রাঙ্গণে ও ইনসেটে মোশতাক আহমেদ রুহী

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদকে হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

এদিন, রুহীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্য দিকে, রুহীর আইনজীবীরা জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রুহীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গতকাল ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য রুহীকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ অনুসারে, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়িতে জননী কুরিয়ার সার্ভিসের পাশের একটি অ্যাপার্টমেন্টের সামনে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। ওই সময় কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ (২৪) তার কর্মস্থল জননী কুরিয়ার সার্ভিস থেকে বের হয়ে মিছিল দেখছিলেন।

বিকাল সাড়ে ৪টার দিকে কুরিয়ার সার্ভিসের ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। স্থানীয় লোকজন রাজুকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজুর বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

/এফআর/