বিরোধী দলকে ‘জ্বালাও-পোড়াওয়ের’ রাজনীতি বাদ দেওয়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইল সংবাদদাতা
বিরোধী দলকে ‘জ্বালাও-পোড়াওয়ের’ রাজনীতি বাদ দেওয়ার আহ্বান মুক্তিযুদ্ধমন্ত্রীর
সমাবেশে কথা বলছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান

বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। বিরোধী দলকে ‘বিরোধিতার খাতিরে বিরোধিতা’ এবং ‘জ্বালাও-পোড়াওয়ের’ রাজনীতি বাদ দিয়ে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির উদ্যোগে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে আয়োজিত সমাবেশ এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দল আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা করবো। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন। সব আন্দোলন, আলোচনা, সমস্যা ও ভুলত্রুটির কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হওয়া উচিত।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, যে আসনগুলো পেয়েছেন, সেগুলো ধরে রাখার চেষ্টা করেন। নইলে উসকানিমূলক কথা বললে, এভাবে অযথা লং মার্চ করলে, এক দফার আন্দোলনের কল্পকাহিনি বললে আগামী দিনে মানুষ কিন্তু ওই কয়টা আসনও দেবে না। স্বাধীনতার ৫৫ বছর পর ‘মানি না, মানবো না’ এবং জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বাদ দিয়ে নতুন রাজনীতি করার সময় এসেছে।

সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর-নবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/এসবি/