শিরোনাম

ঈদগাহের নাম পরিবর্তনের দ্বন্দ্বে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল সংবাদদাতা
ঈদগাহের নাম পরিবর্তনের দ্বন্দ্বে ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা সৃষ্টির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জারি করা আদেশ অনুযায়ী, শনিবার (২১ মার্চ) ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঈদগাহ মাঠ ও সংলগ্ন প্রায় ৪০০ গজ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইকিংসহ যে কোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য বহন এবং কোনো প্রকার উসকানিমূলক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম গতকাল শুক্রবার ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।

জানা গেছে, কালিহাতীর দিমুখা ও মুন্দইল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। সম্প্রতি মাঠটির নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঈদের দিন এ নিয়ে পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কা দেখা দেয়।

কালিহাতীর ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, ঈদগাহ মাঠের নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছি। সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/এসআর/