শিরোনাম

টাঙ্গাইলে ১৪৪ ধারা অমান্য করে আবারো সংঘর্ষ

টাঙ্গাইল সংবাদদাতা
টাঙ্গাইলে ১৪৪ ধারা অমান্য করে আবারো সংঘর্ষ
টাঙ্গাইলের নলীন বাজার ও জগৎপুরা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ

টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা অমান্য করে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকালে গোপালপুরের নলীন বাজার ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এসময় অন্তত ৩টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) রাতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার পর স্থানীয় প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও শুক্রবার সকালে ২য় দফায় মাইকিং করে সহিংসতার ডাক দেয় সংঘর্ষে জড়িতরা। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, অন্তত ৩টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং কয়েকটি দোকানপাটে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দোকানে বাকিতে পণ্য নেওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, প্রথমে সংঘর্ষ দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন তা আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ছে। ১৪৪ ধারা জারি থাকার পরও নতুন করে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

/এসআর/