শিরোনাম

সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২০, এলাকায় ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২০, এলাকায় ১৪৪ ধারা জারি
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার ডাকুয়ার হাওরের ফসল ডুবে যাওয়ার শঙ্কায় এক পক্ষ বাঁধ কাটতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এ নিয়ে হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সদর উপজেলার মোহনপুর ও নোয়াগাঁও এলাকার লোকজন নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার বাঁধ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা করেন। বিষয়টি সমাধানের জন্য একটি কমিটিও গঠন করে দেন তিনি। পরে সে সিদ্ধান্ত না মেনে এলাকার প্রায় শতাধিক সশস্ত্র লোকজন জোরপূর্বক বাঁধ কেটে দেয়। এ সময় বাঁধ কাটতে বাধা দেওয়ায় মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জনের ওপর হামলা চালানো হয়।

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন বলেন, আমাদের গ্রামের লোকজন বাঁধ কাটতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ বলেন, ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশনের ব্যাপারে স্থানীয় কৃষকদের নিয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু একটি পক্ষ সেটি না মেনে বাঁধ কেটে দিয়েছে। যে কারণে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/এসআর/