সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে স্থানীয় বিএনপির দুই পক্ষ দুটি পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানার সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়নি। এ নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে থামানোর চেষ্টা করে। তবে এর মধ্যেই উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের নেতা-কর্মীরা। এতে ২০ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলা বিএনপির এক পক্ষে রয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরীসহ অন্যরা। অপর পক্ষে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার ও আবদুল মালিকসহ অন্যরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার বলেন, আমাদের মিছিলটি শান্তিপূর্ণ ছিল। এতে চারজন যুগ্ম আহ্বায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিপক্ষের লোকজন আমাদের মিছিলের পথরোধ করে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে আমাদের তিন থেকে চারজন আহত হয়েছেন।

এদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, আমরা মিছিল শেষে উপজেলা পার্কে সমাবেশ করছিলাম। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে এসে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, মূলত দুটি মিছিল মুখোমুখি হওয়ার পরই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। বর্তমানে উভয় পক্ষ পৃথক দুটি স্থানে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

/এসবি/