শিরোনাম

জাজিরায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

শরীয়তপুর সংবাদদাতা
জাজিরায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
আবুল বাশার ফরাজি। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল বাশার ফরাজি নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ।

এর আগে গতকাল সোমবার বিকালে উপজেলার জয়নগর ইউনিয়নের সরদারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জাজিরা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবুল বাশার ফরাজি মসজিদে ইমামতির পাশাপাশি একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার ছাত্রী। সোমবার বিকালে তিনি শিশুটিকে তার কাছে যেতে বলেন। পরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয়রা জানতে পেরে শিক্ষক আবুল বাশারকে সেখানে অবরুদ্ধ করে রাখেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে জাজিরা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত আবুল বাশারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, শয়তানের ধোঁকায় পড়ে এ কাজ করেছেন। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত বলেও দাবি করেন।

জাজিরা উপজেলার জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম গণমাধ্যমকে গণমাধ্যমেকে বলেন, আবুল বাসার জামায়াতের কোনো পদে নেই, তবে সমর্থক। তিনি যদি অপরাধ করে থাকেন, তার বিচার হোক।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ গণমাধ্যমকে বলেন, শিশুটির মা বাদী হয়ে আবুল বাশারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

/এসআর/