সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ
হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মো. মাহমুদুল হাসান

সাতক্ষীরা সদর হাসপাতালে পরীক্ষা করাতে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মো. মাহমুদুল হাসানকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহমুদুল হাসান ওই এলাকার নজরুল ইসলাম ও রেবা দম্পতির ছেলে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, সোমবার দুপুরে হাসপাতালের প্যাথলজি বিভাগের একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করাতে সোমবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালে যান ওই নারী। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে প্যাথলজি বিভাগ থেকেও একই কথা জানানো হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় মাহমুদুল হাসান ওই নারীকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। পরে তার কাছ থেকে প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। নমুনা নিয়ে ফিরে এলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই নারী কক্ষে প্রবেশের পর মাহমুদুল হাসান দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে চুল টেনে ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

বাড়ি ফিরে স্বামীকে বিষয়টি জানান ওই নারী। পরে স্বামী তাকে থানায় নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, এ বিষয়ে আগে তারা কিছু জানতেন না। মঙ্গলবার দুপুরে ঘটনাটি জানতে পেরেছেন। চাকরিবিধি অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমআর/