পর্যটক নিহতের ঘটনায় সুন্দরবনে ৩ দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
পর্যটক নিহতের ঘটনায় সুন্দরবনে ৩ দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা
সুন্দরবন। ছবি: সিটিজেন জার্নাল

পর্যটক নিহতের ঘটনায় সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন রেঞ্জে তিনদিনের ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বন বিভাগ। বুধবার (১১ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।

তিনি বলেন, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে এসে ময়মনসিংহের ভালুকার রিয়াজ আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হন। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা অভিযানে ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিনদিনের ভ্রমণে মৌখিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ।

বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান আরও বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠবডির ট্রলারে ভ্রমণে তিনদিন পারমিশন বন্ধ রাখা হয়েছে। তবে একদিনের পারমিশন পূর্বের নিয়মেই চলবে।

নিষেধাজ্ঞা কত দিন স্থায়ী হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও সুন্দরবনে বিভিন্ন সময়ে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ সালে কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক কিশোর পর্যটক মারা যান। এছাড়া ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদে পর্যটকবাহী জালি বোট ডুবে ১৩ জন পর্যটক উদ্ধার হন এবং ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে একটি বোট ডুবির ঘটনা ঘটে।

/এফআর/