সাতক্ষীরায় এমপি গাজী নজরুলের ফাঁসি চেয়ে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় এমপি গাজী নজরুলের ফাঁসি চেয়ে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। পরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা নিয়ে কোনো ধরনের গাফিলতি বা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
বিক্ষোভ মিছিল শেষে গাজী নজরুলের কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বক্তারা আরও বলেন, একজন জনপ্রতিনিধিকে ঘিরে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা জরুরি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে এনে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। যারা জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন বা এখনো আছেন, তাদের চোখ খোলার দরকার। মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরতে হবে। চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় বিষয়গুলো নিয়ে তাদের ভাবা দরকার।

বিক্ষোভকারীরা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবিও জানান তারা।

পরে বিক্ষোভকারীরা উপজেলা প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং মরিয়ম খাতুনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

এর আগে, গতকাল রবিবার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

/এফআর/