শিরোনাম

৫ হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
৫ হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম
আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাশ মণ্ডলের আদালতে তাকে হাজির করা হয়। শুনানি শেষে আদালত নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন।

নজরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও বর্তমানে শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের সর্বশেষ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে, আদালত চত্বরে নজরুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার ওপেন হার্ট সার্জারি করানো হয় এবং তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই নজরুল ইসলামকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে পাঠায়। পরবর্তীতে তাকে সাতক্ষীরা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের জন্য সাতক্ষীরায় আনা হয়।

জানা গেছে, নজরুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী আদালতের মাধ্যমে থানায় পাঁচটি হত্যা মামলা করা হয়। এসব মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য গত বুধবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা আবেদন জানান।

সে অনুযায়ী, গত বৃহস্পতিবার ঢাকার কারাগার থেকে নজরুল ইসলামকে সাতক্ষীরা কারাগারে আনা হয়। আজ (সোমবার) সকাল সাড়ে ৯টায় তাকে সাতক্ষীরা কারাগার থেকে আদালতে আনা হয়।

এদিন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মন্ডল নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। একইসাথে তার আইনজীবীরা আদালতে চারটি মামলায় জামিন আবেদন জানালে শুনানি শেষে সব কয়টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পুলিশ উপপরিদর্শক মাজেদুল ইসলাম। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. সাহেদসহ ২৫/৩০ জন।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন জানান, আসামি নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর সোমবার দুপুর একটার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/