বেতনায় নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীর ঢল

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
বেতনায় নৌকাবাইচ, দুই পাড়ে দর্শনার্থীর ঢল
নৌকাবাইচ দেখতে বেতনা নদীর দুই পাড়ে উৎসুক জনতার ঢল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর ডটকম

ভাদ্র-আশ্বিনের এই সময়ে বেতনা নদীর শান্ত বুকে উৎসবের চঞ্চল হাওয়া। জলতরঙ্গে বৈঠার ঝংকারে বেতনার দুই পাড় জনারণ্যে পরিণত হয়। গ্রাম বাংলার চিরায়ত রূপ ও ঐতিহ্যকে বুকে ধারণ করে সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা।

সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল হাজীখালী গেট থেকে; আর রোমাঞ্চকর সমাপ্তি ঘটে সুপারিঘাটা ব্রিজে এসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৬টি দল এই বাইচে অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে জলপথ কাঁপাতে নেমেছিল আশাশুনির দাঁদপুর, মহিষাডাঙ্গার ২টি, বামন ডাঙা, তেঁতুল ডাঙা ও টেংরাখালি দল।

প্রতিযোগিতায় ২টি দল প্রথম ও ২টি দল দ্বিতীয় স্থান অধিকার করে। প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল দিদারুল ইসলাম খোকা ও আব্দুল্লাহ সানা।

গ্রাম বাংলার এই প্রাণের উৎসবে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কমো. তাকদীর আহছান (রুবেল)।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল আলম বাবু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহিন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মমতাজুর রহমান চন্দন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আফিল, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিঠু প্রমুখ।

/এসআর/