পাবনায় বজ্রপাতে হতাহতদের পরিবারকে আর্থিক অনুদান দিলো প্রশাসন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
পাবনায় বজ্রপাতে হতাহতদের পরিবারকে আর্থিক অনুদান দিলো প্রশাসন
আর্থিক অনুদান তুলে দিচ্ছেন জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ অন্যরা। ছবি: সিটিজেন জার্নাল

পাবনা সদর উপজেলার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারগুলোর হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম উপস্থিত থেকে অনুদানের অর্থ পরিবারগুলোর হাতে তুলে দেন।

এ সময় নিহত ৬ জনের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। নিহতদের দাফন ও আহতদের জরুরি চিকিৎসায় আর্থিক সহায়তা হিসাবে এই টাকা দেওয়া হয়েছে।

অনুদান প্রদানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও মালঞ্চি ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, উপজেলার মালঞ্চি ইউনিয়নের কয়েকজন সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গেলে বৃষ্টি শুরু হয়। এসময় তারা পাশের একটি ছাউনিতে আশ্রয় নিলে সেখানে আকস্মিক বজ্রপাতে ৬ জন মারা যান। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হন। আহতদের বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউএনও আরও জানান, নিহতদের বাড়ি গিয়ে প্রত্যেকের পরিবারকে দাফন ও জরুরি সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। একইসঙ্গে আহত ৩ জনকে চিকিৎসার জন্য প্রত্যেক পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক স্যার নিজে উপস্থিত থেকে এ অনুদান তুলে দেন।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এ ব্যাপারে শোক জানানোর পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দিয়েছেন। হতাহত পরিবারের আরও কোনো ধরনের সহায়তা প্রয়োজন হলে সেটিও দেওয়া হবে।

/এফআর/